
ভারতের পাশে দাঁড়াল ইলন মাস্কের সংস্থা এক্স। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারোকে কড়া জবাব দেওয়া হয়েছে ওই প্ল্যাটফর্মেই। তবে ইলন মাস্ক সরাসরি কিছু বলেননি। তবে পিটারের পোস্টের নীচে যে জবাব এক্স দিয়েছে, তা ইলন মাস্কের বক্তব্য বলেই মনে করা হচ্ছে। পিটারও এতে ক্ষুব্ধ। তিনি সরাসরি মাস্ককে ভর্ৎসনা করেছেন।
এক্স হ্যান্ডলে শুরু হয়েছে বাকবিতণ্ডা। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ করেছে আমেরিকা। ভারতের পণ্য থেকে মোট ৫০ শতাংশ শুল্ক আদায় করা হচ্ছে। ফলে দুই দেশের বাণিজ্য ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প ঘনিষ্ঠ পিটার এক্সের একাধিক পোস্টে ভারতের বিরুদ্ধাচারণ করেছেন। দাবি, ভারত শুধুমাত্র নিজের লাভের কথা ভেবে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, যুদ্ধে অর্থসাহায্য করছে। এমনকি, ভারতের চড়া শুল্কের কারণে আমেরিকার নাগরিকেরা চাকরি হারাচ্ছেন বলেও তিনি দাবি করেন।
পিটারের এই পোস্টটির নীচেই এক্স-এর তরফে একটি মন্তব্য করা হয়েছে, নীচে লেখা হয়েছে, ভারতের রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত জ্বালানি নিরাপত্তার কারণে, শুধু লাভের জন্য নয়। এই সিদ্ধান্ত কোনও বিধিনিষেধ লঙ্ঘনও করে না। ভারত শুষ্ক নেয় ঠিকই, তবে পরিষেবার ক্ষেত্রে আমেরিকারও বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। তা ছাড়া, আমেরিকা তো রাশিয়ার কাছ থেকে কিছু কিছু জিনিস কিনে থাকে, এটা ভন্ডামি।
