৩ দিনেই কোটির ক্লাবে ‘আমার বস’

0
128
ছবি সৌজন্যে :সংগৃহীত

ভারত-পাক সংঘাতের উত্তেজনার আবহেই আমার বস’কে পছন্দ করেছেন দর্শকরা। আর সেই ভালোবাসার প্রমাণ বক্স অফিসের অঙ্ক। প্রযোজনা সংস্থার তরফে প্রাপ্ত তথ্য অনুযায়ী,পয়লা সপ্তাহেই বক্স অফিসে ১ কোটি ১০ লক্ষ টাকার ব্যবসা করেছে নন্দিতা রায় পরিচালিত তথা রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত এই সিনেমা।

তিন দিনে বাংলা ছবির এমন ব্যবসার অঙ্ক ইন্ডাস্ট্রির জন্যই ইতিবাচক। খবর,রবিবার, ছুটির দিনেও গোটা দেশজুড়ে প্রায় একশোটি প্রেক্ষাগৃহ হাউসফুল ছিল। সপ্তাহের প্রথম দিনেও রাখি গুলজারকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন দর্শকরা। একে ভারত-পাক সংঘাত, উপরন্তু সোমবারের ব্যস্ত দিনেও বুক মাই শোতে ট্রেন্ডিং আমার বস-এর টিকিট।চেনা স্লট তো বটেই, ভারত-পাক সংঘাতের উত্তপ্ত আবহেও বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি। উল্লেখ্য, পঁচিশ সালের পাঁচ মাসে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার তালিকায় সবথেকে কম দিনে এমন বিপুল অঙ্কের ব্যবসা করে বিগেস্ট ওপেনিং’য়ের খেতাবও জিতে নিয়েছে এই ছবি। গত পুজোর মরশুমে ব্লকবাস্টার বহুরূপী উপহার দিয়ে দেশের সিনেমানচিত্রে নতুন রেকর্ড গড়ে টলিউডের মান রেখেছিল টলিপাড়ার হিটমেশিন পরিচালকদ্বয়। আমার বস-ও চলছে রমরমিয়ে।ব্যবসার গ্রাফ দেখলে, বহুরূপী যেহেতু উৎসবের মরশুমে মুক্তি পেয়েছিল, সেটা এক দিনে প্রায় এক কোটি দুয়ারে পৌঁছে গিয়েছিল।সেদিক থেকে তুলনা টানলে গ্রীষ্মকালীন ব্যাচে মুক্তিপ্রাপ্ত উইন্ডোজ-এর দুই বহুল প্রসংশিত ছবি পোস্ত এবং প্রাক্তন-এর রেকর্ডও ছাড়িয়ে গিয়েছে,আমার বস। এই দুই সিনেমার প্রথম সপ্তাহে কালেকশন ছিল এক কোটি।

তবে ,আমার বস সেই গণ্ডি টপকে এক কোটি দশ লক্ষের ব্যবসা করেছে। প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই দীর্ঘ ২২ বছর বাদে বাংলা সিনেমায় প্রত্যাবর্তন করলেন রাখি গুলজার। গ্রীষ্মের ছুটি পড়লে ব্যবসার অঙ্ক বাড়বে, তেমনই প্রত্যাশা প্রযোজনা সংস্থার।