
বাইশ বছর পর নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আমার বস ছবির হাত ধরে বাংলা সিনেমায় ফিরলেন রাখি গুলজার।
গতবছর জানুয়ারি মাসে ২০ দিনের শিডিউলে কলকাতায় শুটিং করে গিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।বাঙালি খানাপিনা, ঝরেঝরে বাংলা সংলাপ বলা, কলকাতার শাড়ির খোঁজ নেওয়া থেকে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ফুচকা খাওয়া,প্রবীণ বঙ্গকন্যা যেন আমার বস-এর সেটে ছুটে বেড়িয়েছিলেন। শট দেওয়ার ফাঁকে সেটে নিয়মিত বাংলা বই পড়তেন প্রবীণ অভিনেত্রী। এবার প্রকাশ্যে এসেছে সেই ছবির টিজার। মা ও ছেলের গল্প বলবে এই ছবি।টিজারে তারই ঝলক মিলেছে। ছবির গল্পে অনিমেষ গোস্বামী,এক প্রকাশনা সংস্থার কর্নধার। অফিসে তার পরিচয় একজন টক্সিক বস হিসাবে। কিন্ত বাড়িতে অনিমেষের বস তার মা।একদিকে মায়ের সঙ্গে ছেলের স্নেহের রসায়ন আর অন্যদিকে অফিসে অনিমেষের কড়া মেজাজ,দুইয়েরই ঝলক মিলেছে টিজারে। একসময় ছেলের অফিসে,একজন কর্মচারি হিসাবে যোগ দেয় তার মা। উদ্দেশ্য ছেলের রাগী মেজাজে বদল আনা। মা সেই কাজে কতটা সফল হবে সেই উত্তর অবশ্য এখন অধরা।বলাই বাহুল্য তার জন্য ছবিমুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত ইফি’তে আন্তর্জাতিক সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় নেমে আমার বস বহুল প্রশংসিত হয়েছিল।দর্শকদের মন ছুঁয়েছে নন্দিতা রায়ের ফ্রেমে রাখি-শিবপ্রসাদের মিষ্টি রসায়ন।
গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ছবিটি। এদিকে গরমের ছুটির সঙ্গে নন্দিতা-শিবপ্রসাদের সিনেমা যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। এবারেও ৯ মে বড়পর্দায় মুক্তি পাবে আমার বস ছবিটি।
