
মায়ানমারে আসন্ন ও ব্যাপকভাবে বিতর্কিত জাতীয় নির্বাচনের ফল আগামী বছরের জানুয়ারির শেষ নাগাদ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জুন্টা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনের এক কর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন ইলেকশন কমিশনের এক কর্মকর্তা বলেছেন, চূড়ান্ত নির্বাচনী ফল ২০২৬ সালের জানুয়ারির শেষ নাগাদ আসবে বলে আশা করছেন।এর আগে ২০২১ সালে সেনাবাহিনী গণতান্ত্রিক নেতা অং সান সুচির সরকার উৎখাত করে এবং ভিত্তিহীনভাবে ভোট জালিয়াতির অভিযোগ তোলে। এরপর থেকেই মায়ানমার গৃহযুদ্ধে নিমজ্জিত। নেপিডোতে কমিশন জানায়, ২৮ ডিসেম্বর থেকে ধাপে ধাপে শুরু হওয়া নির্বাচনে জাতীয় পর্যায়ে ছয়টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে।নির্বাচন কমিশনের সদস্য খিন মাউং উ বলেছেন, ছ’টি দল জাতীয় পর্যায়ের জন্য এবং ৫১টি আঞ্চলিক আসনের জন্য। মোট ৫৭টি দল নির্বাচনে অংশ নিচ্ছে।ইউইসি জানিয়েছে, নির্বাচন তিন ধাপে অনুষ্ঠিত হবে, প্রতিটি ধাপের মধ্যে দু’ সপ্তাহ বিরতি থাকবে।উল্লেখ্য,মায়ানমারের বিশাল এলাকা সেনা নিয়ন্ত্রণের বাইরে, যেখানে গণতন্ত্রপন্থি গেরিলা ও শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে ভোট প্রতিরোধের অঙ্গীকার করেছে।
তবে জুন্টা দাবি করছে, নির্বাচনই সংঘাতের সমাধান দেবে।তবে অং সান সুচি এখনো কারাবন্দি। অন্যদিকে রাষ্ট্রসংঘের এক বিশেষজ্ঞ এই ভোটকে প্রতারণা আখ্যা দিয়ে বলেছেন, এটি সামরিক শাসনকে নতুন আঙ্গিকে চালিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা।






