
মণিপুরের মাটিতে অশান্তি জিইয়ে রাখতে চোরাপথে জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে প্রতিবেশী দেশ মায়ানমার। ১৩ ডিসেম্বর পূর্ব ইম্ফলে তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের পাশাপাশি মিলেছে স্টার লিঙ্কের অ্যান্টেনা ও রাউটার।
এই ঘটনার তদন্তে নেমে জানা যাচ্ছে, মায়ানমার থেকে চোরাপথে এই সব অস্ত্র ও অত্যাধুনিক সামগ্রী পাঠানো হয়েছে। সেনা সূত্রে জানা যাচ্ছে, গত কয়েক মাসে মণিপুর থেকে যেসব অস্ত্র উদ্ধার হয়েছে তার বেশিরভাগই মায়ানমারের। এই দেশের সেনাবাহিনী এমএ ৪ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে। যা তল্লাশি অভিযানে কখনও জঙ্গিদের কাছ থেকে তো কখনও জঙ্গি ডেরা থেকে উদ্ধার করা হয়েছে। শুধু অস্ত্র নয়, উদ্ধার হয়েছে মায়ানমার সেনার পোশাক এমনকি বুলেটপ্রুফ ভেস্টও।
এ বিষয়ে আধাসেনার এক বরিষ্ঠ আধিকারিক জানান, শুধু যে সেনা বাহিনীর অস্ত্র ও যুদ্ধ সামগ্রী পাঠানো হচ্ছে তা নয়, মণিপুরে গৃহযুদ্ধ জারি রাখতে প্রচুর পরিমাণ দেশি পিস্তল চোরাপথে পাঠানো হচ্ছে।









