ওমানে গাড়ির ভেতরে চার বাংলাদেশির রহস্যমৃত্যু

0
33
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
মর্মান্তিক ঘটনা ওমানে! গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে চার বাংলাদেশির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বুধবার ওমানের মুলাদ্দা এলাকায়। জানা যাচ্ছে, নিহতরা সম্পর্কে চার ভাই ছিলেন। কাজের সূত্রে ওমানে থাকতেন।
রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ এবং মো. শহিদ। পরিবার সূত্রে খবর, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে কাজ করতেন এবং তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন।
আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। পরিবারের জন্য তারা কেনাকাটা করতে বেরিয়েছিলেন। ফেরার পথে এই ঘটনাটি ঘটে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে ওমান পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, গাড়ির ইঞ্জিন ও শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র দীর্ঘ সময় চালু থাকায় বিষাক্ত গ্যাস জমে তাদের মৃত্যু হতে পারে। তবে ঘটনাটি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। ওমানে বাংলাদেশ দূতাবাস এই চার বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।