
ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার রহস্যমৃত্যু! দেহ দেশে ফেরাতে কেন্দ্র এবং তেলঙ্গানা সরকারের সাহায্য চাইল পরিবার। সংবাদমাধ্যম সূত্রে খবর, এস শ্রীনাথ রেড্ডি নামের বছর পঁচিশের ওই পড়ুয়া তেলেঙ্গানার কামারেড্ডি জেলার বাসিন্দা।
প্রায় এক বছর আগে উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। গত মঙ্গলবার রহস্যভবন ভাবে শ্রীনাথের ঘর থেকেই দেহ উদ্ধার হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, লেস্টারের একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের পড়ুয়া ছিলেন শ্রীনাথ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের কাছেই এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।
মঙ্গলবার সকালে তাঁকে তাঁর ঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সহপাঠীরা। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। সহপাঠীদের দাবি, শ্রীনাথ আত্মহত্যা করেছেন। মাত্র ১৪ মাস আগে উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে পাড়ি দেন তিনি। যদিও আত্মহত্যার দাবি মানতে নারাজ পরিবার। তাঁর বাবা মধুসূদন রেড্ডি জানিয়েছেন, সোমবার রাতে ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছিল তাঁর। সেই সময় তাঁর অস্বাভাবিক কিছু লাগেনি বলে জানিয়েছেন মধুসূদন। শ্রীনাথের মৃত্যুর খবর তাঁরা লন্ডন নিবাসী এক আত্মীয় মারফত পেয়েছেন। ব্রিটেন প্রশাসনের তরফে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
