
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ভাই প্রতীক যাদবের মৃত্যুতে ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে বিষক্রিয়ার সন্দেহ প্রকাশ করা হলেও, সেটি ফুড পয়জনিং নাকি অন্য কিছু, তা নিশ্চিত করতে তিন-চার দিনের অপেক্ষা করতে হবে।
চিকিৎসকদের একটি বিশেষ প্যানেল এই ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন করছে। এদিকে প্রতীক যাদব নিজে রাজনীতিতে সক্রিয় না থাকলেও তাঁর স্ত্রী অপর্ণা যাদব বিজেপির পরিচিত নেত্রী। ঘটনার সময় অপর্ণা দিল্লিতে থাকলেও খবর পাওয়ামাত্রই লখনউয়ের উদ্দেশ্যে রওনা হ’ন। উল্লেখ্য ২০১১ সালে তাঁদের বিয়ে হয় এবং তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। কিছুদিন ধরেই প্রতীক অসুস্থ ছিলেন এবং লখনউয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি বাড়িতে ফিরেছিলেন।পরে তাঁর শারীরিক অবস্থার ফের অবনতি হলে চিকিৎসকদের একটি দল তাঁর বাড়িতে যায় এবং দ্রুত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করে, কিন্তু শেষরক্ষা হয়নি।
৩৮ বছর বয়সী প্রতীক ছিলেন মুলায়ম সিং যাদবের দ্বিতীয় স্ত্রী সাধনা গুপ্তার সন্তান। অখিলেশ যাদবের সঙ্গে তাঁর অত্যন্ত মধুর সম্পর্ক ছিল এবং ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে কিছুদিন আগেও তিনি হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, বুধবার ভোর প্রায় সাড়ে ৫টা নাগাদ প্রতীককে হাসপাতালে আনা হয়। হাসপাতালের ডিরেক্টর ডা. জি.পি. গুপ্তা জানিয়েছেন, এর আগেই তাঁর মৃত্যু হয়েছিল। একটি সূত্রের দাবি, ভোররাত ৪টে নাগাদ নিজের বাড়ির রান্নাঘরে অচেতন অবস্থায় পড়েছিলেন প্রতীক।
