
বাগানে ঢুকে বন্ধুদের সঙ্গে আম খাওয়ার অপরাধে নৈহাটিতে পিটিয়ে মারা হয়েছে নাবালককে। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুরে।
অভিযুক্ত-র আমের গুদাম পুড়িয়ে দিয়েছে স্থানীয়রা। জানা গিয়েছে বন্ধুদের সঙ্গে একটি বাগানে গাছের তলায় পড়ে থাকা আম কুড়েতে গিয়েছিল কাঁচরাপাড়ার বাসন্তীতলার বাসিন্দা বছর ১৭-র সুদীপ্ত পণ্ডিত। দেখতে পেয়ে পাহারায় থাকা শেখ ফারহাদ মণ্ডল নামে এক ব্যক্তি সুদীপ্তকে ধরে ফেলে। তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা পালিয়ে গেলে বেধড়ক মারধর সুদীপ্তকে। পরে বন্ধুরা আরও কয়েকজনকে ডেকে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে জ্ঞান হারিয়েছে সুদীপ্ত। আশঙ্কাজনক অবস্থায় সুদীপ্ত মণ্ডলকে নৈটির এসজি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযুক্ত-র আমের গুদামে আগুন লাগিয়ে দেয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে যান ব্যারকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় ঠাকুর।
গ্রেফতার করা হয় অভিযুক্ত ফারহাদ মণ্ডলকে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
