
নাগপুর থেকে কলকাতায় আসার পথে ফের বোমাতঙ্ক ছড়িয়েছে ইন্ডিগো’র একটি বিমানে। তড়িঘড়ি বিমানটিকে ছত্তীসগঢ়ের রায়পুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
এরপরই বিমানে থাকা যাত্রীদের নামিয়ে বিমানে তল্লাশি চালাচ্ছেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষী এবং বম্ব স্কোয়্যাডের কর্মীরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমানটিতে ১৮৭ জন যাত্রী ছিলেন এবং ছ’জন বিমানকর্মী ছিলেন। যদিও এখনও পর্যন্ত বিমানের ভিতর থেকে কোনও বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর সন্ধান মেলেনি। রায়পুরের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কিরণ রাঠৌর জানিয়েছেন, সত্যিই বিমানের ভিতর বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গত কয়েক সপ্তাহে ধারাবাহিক ভাবে একাধিক ভারতীয় বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি পাঠানো হচ্ছে।
অন্তর্দেশীয় বিমান তো বটেই, আন্তর্জাতিক বিমানেও ছড়ানো হচ্ছে বোমাতঙ্ক। নরেন্দ্র মোদী সরকারের তরফে এই বিষয়ে একাধিক পদক্ষেপও করা হয়েছে।









