
দায়িত্ব নেওয়ার ছ’মাসের মধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়লেন ছাত্রনেতা নাহিদ ইসলাম। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দফতরে ইস্তফা পাঠিয়েছেন তিনি। ২৮ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে নতুন দলের নাম ঘোষণা হওয়ার কথা। সেই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে চলেছেন তিনি।
গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। যে বিক্ষোভে উত্তাল হয়েছিল বাংলাদেশ। ক্রমে তাঁর নেতৃত্বেই এক দফা দাবিতে পথে নামেন পড়ুয়ারা। পাশে দাঁড়ান বাংলাদেশের বহু সাধারণ মানুষ। যার জেরে ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ এবং শেষে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এর পর ৯ অগাস্ট ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এদিকে, বাংলাদেশে নির্বাচনের দাবির মাঝেই শুক্রবার তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক দল।
শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এ বার সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন। অপর সামাজিক মঞ্চ জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মিলিত ভাবে এই রাজনৈতিক দল গঠন করছে তারা। কোন পক্ষের কারা কোন সাংগঠনিক পদে থাকবেন, তা নিয়ে ইতিমধ্যে দফায় দফায় আলোচনা চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বের।








