
উত্তরাখণ্ডের নৈনিতালের জঙ্গল এলাকার আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে লোকালয়ে। উত্তরাখণ্ড হাইকোর্ট সংলগ্ন এলাকা পর্যন্ত জঙ্গলের আগুন পৌঁছে গিয়েছে।
পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা। হেলিকপ্টারের মাধ্যমে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। শুক্রবার নতুন করে জঙ্গলের ৩১টি জায়গায় আগুন লাগানোর খবর পেয়েছে পুলিশ। গ্রামবাসীরাই জঙ্গলে আগুন ধরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ। গত ২৪ ঘণ্টার বেশি সময়ে নৈনিতালে ৩৩.৩৪ একর জঙ্গল এলাকা ধ্বংস হয়েছে। রুদ্রপ্রয়াগ থেকে জঙ্গলে আগুন লাগানোর অভিযোগে তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। নৈনিতালে দাবানল পরিস্থিতির দিকে নজর রেখেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামী। তিনি এলাকার বাসিন্দাদের সাবধানে থাকার অনুরোধ করেছেন। সেই সঙ্গে রাজ্যের সব দফতরকে একত্রিত হয়ে এই পরিস্থিতির মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন তিনি।
