
রাজ্যে প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। বুধবারই ছিল মনোজ পন্থের এই পদে শেষদিন। তাঁর মেয়াদ আর বাড়ানো হল না।
নবান্ন-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রসচিবের পদ থেকে রাজ্যের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তীকে আনা হচ্ছে। নন্দিনী চক্রবর্তী স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব ছাড়াও পাহাড় ও পর্যটন দফতরের সচিবেরও দায়িত্ব সামলেছেন। তার আগে রাজ্যপালের প্রধান সচিবও ছিলেন তিনি। অন্যদিকে স্বরাষ্ট্রসচিবের পদে আনা হয়েছে আইএএস জগদীশ প্রসাদ মিনাকে। জুন মাসেই মুখ্যসচিব পদে মেয়াদ শেষ হয়েছিল মনোজ পন্থের। কিন্তু সেই সময়ে কেন্দ্রীয় সরকার তাঁর মেয়াদ ৬ মাসের জন্য বাড়িয়েছিল। সেই প্রেক্ষিতে ৩১ ডিসেম্বরই তাঁর পদে থাকার শেষ দিন ছিল। জানা গিয়েছে এবারও তাঁর মেয়াদ বাড়ানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সেই দাবি মানা হয়নি।
২০২৬-র আগে ভোটের আগে বড় দায়িত্ব পেলেন ১৯৯৪ ব্যাচের আইএএস নন্দিনী চক্রবর্তী। অন্যদিকে ২০০৪ ব্যাচের আইএএস অফিসার জগদীশ মিনাকে স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মুখ্যসচিবের পদে অবসর নিলেও মনোজ পন্থকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
