
সময়ের সঙ্গে ইতালিয়ান শীর্ষ লিগের চ্যাম্পিয়নশিপ লড়াই আরও জমজমাট হচ্ছে। বারবার পাল্টাচ্ছে পয়েন্ট টেবিলের ওপরের তিন দলের অবস্থান।শেষ রাউন্ডে নাপোলি ও এসি মিলান হোঁচট খাওয়ায়, নিজেদের ম্যাচে জিতে শীর্ষে ফিরেছে ইন্টার মিলান।
গত সপ্তাহে ১৪তম রাউন্ডে জয় পেয়েছিল তিনটি দলই। তাতে তিন দিনে তিনবার শীর্ষস্থানে আসে পরিবর্তন,প্রথমে ইন্টার মিলান উঠেছিল শীর্ষে এবং তাদের পরে খেলে চূড়ায় ওঠে নাপোলি এবং শেষ এসি মিলান শীর্ষস্থান পুনরুদ্ধার করে।এবার তিনটি দলই মাঠে নামে রোববার। টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে এসি মিলান খেলতে নেমে ২-২ ড্র করে সাস্সুয়োলোর সঙ্গে। তাতে অবশ্য তখনকার মতো শীর্ষস্থান ধরে রাখে তারা।টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে নাপোলিও। কিন্তু গতবারের চ্যাম্পিয়নরা হেরে যায় উদিনেসের মাঠে, ১-০ গোলে।দিনের শেষ ম্যাচে, টেবিলের তিন নম্বরে থেকে জেনোয়ার বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধেই দু’ গোলে এগিয়ে যায় ইন্টার মিলান।
দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করলেও, বাকি সময়ে ব্যবধান ধরে রেখে টানা লিগে তৃতীয় জয় তুলে নেয় তারা এবং পুনরুদ্ধার করে শীর্ষস্থান।১৫তম রাউন্ড শেষে ৩৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে ইন্টার মিলান। তাদের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান ৩২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। আর ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নাপোলি।
