
বাম শাসনের অবসান হলেও পশ্চিমবঙ্গে মহাজঙ্গলরাজ চলছে। তাহেরপুরের সভায় অডিও বার্তায় এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। বাংলায় স্লোগান দিয়ে বলেছেন পশ্চিমবঙ্গের অলিগলিতে শিশুরাও পর্যন্ত বলছেন বাঁচতে চাই, বিজেপি তাই।
ত্রিপুরার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন সেখানে বামেরা ৩০ বছর ধরে ত্রিপুরাকে বরবাদ করেছিল। এখন মানুষ বিজেপিকে সুযোগ দেওয়ায় উন্নয়ন চলছে। ত্রিপুরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আর বাংলা পিছিয়ে পড়ছে। বাংলার সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে অর্থ বরাদ্দ বা সদিচ্ছার কোনও খামতি নেই বলে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এরাজ্যে কাটমানি ও কমিশনের সংস্কৃতির জেরে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবে রূপ পাচ্ছে না। তাঁর অভিযোগ এই দুর্নীতির কারণেই সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন বাংলার প্রকৃত উন্নয়ন সম্ভব শুধু ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে। কেন্দ্র এবং রাজ্য সরকারের সমন্বয় হলেই রাজ্যের অগ্রগতি নিশ্চিত করা যাবে।
