
ব্রিকস সম্মেলনে যোগ দিতে দু’দিনের সফরে রাশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাশিয়ার অন্যতম ঐতিহ্যময় শহর কাজানের বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান।
সেখানে প্রধানমন্ত্রীকে লাল কার্পেটে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছে। তাঁকে স্বাগত জানিয়েছেন তাতারস্তানের প্রধান রুস্তম মিন্নিখানভ। প্রধানমন্ত্রীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কাজানের বাসিন্দারাও। হোটেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃষ্ণভজনে স্বাগত জানিয়েছেন তাঁরা। সকলের পরনে ছিল ভারতীয় পোশাক। কাজান শহরের কোরস্তোনের একটি হোটেলে প্রধানমন্ত্রীর থাকার আয়োজন করা হয়েছে। সেখানেও তাঁর জন্য অপেক্ষা করছিলেন প্রবাসী ভারতীয়রা। হোটেলে পৌঁছতেই তাদেরকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে হাত মেলানোর পাশাপাশি সেলফিও তুলতে দেখা যায় সকলকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে ভারতীয় নৃত্য পরিবেশন করেছেন রুশ নাগরিকরা। তাদের সাজপোশাকেও ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। ওই নৃত্যশিল্পীদের সঙ্গে আলাদা করে সৌজন্য বিনিময় করেছেন প্রধানমন্ত্রী।এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার একটা বড় মঞ্চ এই সম্মেলন।
পারস্পরিক কূটনৈতিক, অর্থনৈতিক এবং বিশ্ব পরিবেশ সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনার জন্য এই মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ছবি সৌজন্যে : এক্স
