
সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কর্তব্য পথে ভিনদেশি অতিথিদের জন্য ধারাভাষ্যকার অবতারে ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা অনুষ্ঠানের বেশির ভাগ জুড়েই দিল্লির কর্তব্যপথে অনুষ্ঠানের ভিনদেশি অতিথিদের নিজভাষায় ধারাভাষ্য দিয়ে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
দোভাষীর তর্জমায় সে সব উৎসুক মুখে শুনেছেন ইউরোপীয় নেতারাও। সব মিলিয়ে ৭৭তম সাধারণতন্ত্র দিবসের বর্ণময় অনুষ্ঠানে তুলে ধরা হল ভারতের বৈচিত্র্য, সামরিক শক্তি ও উন্নয়নযাত্রার সামগ্রিক চিত্রটি। সোমবার সকাল থেকে কর্তব্যপথের পাশাপাশি গোটা দিল্লি জুড়ে ছিল কড়া নিরাপত্তার ঘেরাটোপ। সকালেই সেখানে পৌঁছে যান নরেন্দ্র মোদী। ঐতিহ্যবাহী শকটে পৌঁছোন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিয়ো লুই সান্তোস ডি কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। জাতীয় যুদ্ধস্মারকে শহিদ সৈনিকদের শ্রদ্ধাজ্ঞাপন ও নীরবতা পালনের পর মঞ্চে ওঠেন নরেন্দ্র মোদী-সহ অন্য অতিথিরা।
জাতীয় পতাকা উন্মোচনের পর বাজানো হয় জাতীয় সঙ্গীত। সঙ্গে ২১ বার তোপধ্বনি।








