
পহেলগাঁও হামলার জবাবে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর-এর জন্য সেনাবাহিনীকে সম্মান জানাবে ক্রিকেট বোর্ড।
৩ জুন অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনালের আগে হবে সমাপ্তি অনুষ্ঠান।সেখানেই ভারতীয় সেনাকে সম্মান জানানো হবে। উপস্থিত থাকবেন তিন বাহিনীর প্রধান।ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছেন,দেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনী অপারেশন সিঁদুর-এর মাধ্যমে যে সাহসিকতা ও আত্মত্যাগ দেখিয়েছে তাকে ভারতীয় ক্রিকেট বোর্ড কুর্নিশ করে। তাই ক্রিকেট বোর্ড ঠিক করেছে, আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনাকে সম্মান জানাব।শইকীয়া আরও জানিয়েছেন, ফাইনালে তিন বাহিনির প্রধান ছাড়াও ভারতীয় সেনার অনেক আধিকারিক উপস্থিত থাকবেন। পুরো অনুষ্ঠান সেনাকে মাথায় রেখে সাজানো হয়েছে। তিনি বলেছেন,ক্রিকেটের প্রতি ভারতীয়দের আবেগ খুব বেশি। কিন্তু যখন দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও সুরক্ষার প্রসঙ্গ আসে তখন তার থেকে বড় কিছু হতে পারে না।তবে ফাইনালের অনুষ্ঠানে বিনোদন জগতের কোনও তারকাকে দেখা যাবে কিনা সে বিষয়ে কিছু জানাননি বোর্ড সচিব।উল্লেখ্য,২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা হয়।এই উত্তাপের মাঝে বন্ধ করে দেওয়া হয় আইপিএল।এক সপ্তাহ বন্ধ থাকার পর তা আবার শুরু হয়েছে।এক সপ্তাহ বন্ধ থাকায় পিছিয়ে গিয়েছে আইপিএলের ফাইনাল।প্রথমে ঠিক ছিল,কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল হবে।
পরে তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অহমদাবাদে।নতুন করে আইপিএল শুরু হওয়ার পর প্রত্যেকটা ম্যাচ শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে মাঠে। প্রতিটা মাঠে সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো হচ্ছে। ফাইনালেও সেই ছবিই দেখা যাবে।







