
দিল্লি এইমস-এর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন উপ রাষ্ট্রপতিকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জগদীপ ধনকড়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। কথা বলেছেন চিকিৎসকদের সঙ্গেও। পরে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্টে লিখেছেন, জগদীপ ধনকড়ের স্বাস্থ্য সম্পর্কে খবর নিতে দিল্লি এইমস হাসপাতালে গিয়েছিলাম। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও এদিন অসুস্থ উপ রাষ্ট্রপতিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। বুকে ব্যাথা নিয়ে এইমস-এ সিসিইউতে ভর্তি রয়েছেন জগদীপ ধনকড়। কার্ডিওলজি বিভাগের প্রধান রাজীব নারাঙ্গের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
