
ইউরোপ সফরের দ্বিতীয়ধাপে সোমবার স্লোভাকিয়ায় পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৯৩ সালে স্লোভাকিয়া স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর পা পড়ল এখানে।
দেশটির রাজধানী ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রীর বিমান অবতরণের পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার। ঐতিহ্য মেনে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রুটি ও লবণে বরণ করে নেওয়া হয়। জানা যাচ্ছে, দু’দিনের স্লোভাকিয়া সফরে সেখানকার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
সেখানকার শিল্পপতিদের সঙ্গেও বৈঠক হবে প্রধানমন্ত্রীর। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও স্লোভাকিয়ায় মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করা। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, অটোমোবাইল শিল্প, রেল উৎপাদন এবং অত্যাধুনিক প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করা হবে। স্লোভাকিয়ায় পা রাখার পর সোশাল মিডিয়ায় বার্তা দেন প্রধানমন্ত্রী।
