
যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি এবং ব্ল্যাকমেলের অভিযোগে এক ফটোগ্রাফারকে গ্রেফতার করেছে পুলিশ।
যুবতীর প্রাক্তন স্বামীর কাছেও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পাঠানোর অভিযোগও উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার পুলিশ হালতু থেকে পার্থ দাসকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে বছর ৩৫-র পার্থ দাসের সঙ্গে ওই যুবতীর ঘনিষ্ঠতা হয়। কিন্তু কিছুদিন ধরে পার্থ দাস ব্যাকমেল করা শুরু করেন। পুলিশের কাছে যুবতী অভিযোগ তাঁর কাছ থেকে ২ লাখ টাকা নেওয়ার পরেও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। এমনকি তাঁর প্রাক্তন স্বামীকে কিছু ছবি পাঠিয়েও দিয়েছিলেন বলে অভিযোগ। যুবতীর দাবি পার্থ দাসের সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়াতেই আলাপ।
সেখান থেকেই ঘনিষ্ঠতা বাড়ে। একটি ভাড়া বাড়িতে দুজনের একসঙ্গে থাকতেও শুরু করেছিলেন। যুবতীর অভিযোগের ভিত্তিতে হালতু থেকে পার্থ দাসকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ডিজিটাল অপরাধ সংক্রান্ত ধারায় মামলা দায়ের হয়েছে।
