
মানুষ নিয়ে মহাকাশ মিশন পৃথিবী থেকে যত দূরে যাওয়ার কথা হচ্ছে নভোচারীদের সুস্থ রাখার বিষয়টি ততই কঠিন হয়ে পড়ছে।মঙ্গলগামী নভোচারীরা যেন সুস্থ ও নিরাপদ থাকতে পারেন সেজন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর এক মেডিকেল সহকারী তৈরি করছে নাসা ও মার্কিন সার্চ জায়ান্ট গুগল।
আমেরিকার হিউস্টন শহরে অবস্থিত নাসার মিশন কন্ট্রোল সেন্টারের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ,নিয়মিত ওষুধ সরবরাহ ও ছ’ মাস পর পৃথিবীতে ফিরে আসার সুযোগের ওপর ভরসা করতে পারেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরা।তবে এসব সুবিধার ধরন শিগগিরই পরিবর্তিত হতে পারে।কারণ দীর্ঘমেয়াদি মিশনের পরিকল্পনা করছে নাসা ও তাদের বাণিজ্যিক সহযোগীরা, বিশেষ করে ইলন মাস্কের স্পেসএক্স, যেখানে মানুষকে চাঁদ ও মঙ্গলের মতো অনেক দূর গন্তব্যে পাঠানো হবে।এ আসন্ন বাস্তবতাই নাসাকে ধীরে ধীরে মহাকাশে চিকিৎসা সার্ভিসকে পৃথিবী নির্ভরতা থেকে দূরে সরিয়ে নেওয়ার দিকে ঠেলে দিচ্ছে।এর প্রাথমিক উদ্যোগ হচ্ছে গুগলের সঙ্গে মিলে পরীক্ষামূলকভাবে এক এআই মেডিকেল সহকারী তৈরি করা। এ টুলটির নাম,ক্রু মেডিকেল অফিসার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা, সিএমও-ডিএ।
টুলটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো ডাক্তার না থাকলে বা পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও নভোচারীরা নিজেরাই রোগ নির্ণয় ও চিকিৎসা করতে পারবেন।এ বহুমাত্রিক টুলটি বিভিন্ন উপায়ে যেমন,বলার, লেখার বা ছবি দেখানোর মাধ্যমে তথ্য বুঝতে ও কাজে লাগাতে পারে এবং এটি গুগল ক্লাউডের ভার্টেক্স এআই প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে।








