পৃথিবীর বিস্ময়কর ছবি তুললেন নাসার নভোচররা

0
101
ছবি সৌজন্যে : এক্স
নীল সমুদ্র, সাদা মেঘ। এমনকি সবুজ মেরুজ্যোতিও। চাঁদের মুলুকে পাড়ি দিয়ে মহাকাশ থেকে পৃথিবীর এমনই কিছু বিস্ময়কর দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন নাসার আর্টেমিস-২ অভিযানের মহাকাশচারীরা। গত বুধবারই চার নভোচরকে নিয়ে চাঁদের দিকে রওনা হয়েছে নাসার ওরিয়ন মহাকাশযান।
যে চার মহাকাশচারীকে নিয়ে নাসার যান চাঁদের দিকে পাড়়ি দিয়েছে, তাঁরা হলেন কমান্ডার রিড ওয়াইসম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, অভিযান বিশেষজ্ঞ ক্রিস্টিনা কচ এবং জেরেমি হানসেন। নাসা জানিয়েছে, মাত্র দেড় দিনের মধ্যেই তাঁরা চাঁদের দিকে অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছেন। পৃথিবীর কিছু ছবিও মহাকাশ থেকে তুলেছেন তাঁরা। আপাতত দু’টি ছবি প্রকাশ করেছে নাসা। প্রথম ছবিটি তুলেছেন ওয়াইসম্যান। তাতে ক্যাপসুলের জানলা থেকে পৃথিবীর খানিকটা অংশ দেখা গিয়েছে। কিন্তু পরের ছবিতে দেখা যাচ্ছে সম্পূর্ণ পৃথিবী—নীল সমুদ্রের উপর সাদা মেঘের ঘূর্ণি ছড়িয়ে আছে। ওই ছবিতে সবুজ আভার অরোরাও দেখা গিয়েছে।