
বিশ্বজুড়ে ১৫০০ কোটির ব্যবসা করা ধুরন্ধর দ্য রিভেঞ্জ এখন, বক্স অফিসে সুপার হিট। আর সিক্যুয়েলের এহেন মারকাটারি সাফল্যের মাঝেই বিস্ফোরক অভিযোগ এনেছে ত্রিমূর্তি ফিল্মস। দিন কয়েক আগেই আদিত্য ধরের বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ এনেছিলেন সন্তোষ কুমার।
এবার গানের জন্য কাঠগড়ায় নির্মাতারা। জন্মলগ্ন থেকেই ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির সঙ্গী বিতর্ক। প্রথমভাগের মতো সিক্যুয়েলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। রিলিজের পর থেকেই কোনও না কোনও কারণে প্রতিনিয়ত কটাক্ষ, সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে আদিত্য ধর পরিচালিত সিনেমাকে। বিতর্কের সলতেতে অবশ্য আগুনটা ধ্রুব রাঠিই ধরিয়েছিলেন। বর্তমানে সেটাই দাবানলের আকার ধারণ করেছে। ধুরন্ধর দ্য রিভেঞ্জ-এর বিরুদ্ধে হিংসার উদযাপনের অভিযোগও তুলেছেন সিনেবিশেষজ্ঞদের একাংশ। তবে এবার কন্টেন্ট নয়, বরং গানের জেরে আইনি গেরোয় আদিত্য ধর পরিচালিত ব্লকবাস্টার সিনেমা।গোড়া থেকেই চর্চায় রণবীর সিং অভিনীত ছবির গান।
কারণ গল্পের সময়কাল, প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজিতে আট-নয়ের দশকের একাধিক হিট গান ব্যবহার করা হয়েছে। যদিও সেই রিমেক ভার্সন নিয়ে এযাবৎকাল আপত্তি ওঠেনি কিংবা অনেকেই নস্ট্যালজিয়ায় ভেসে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন, তবে এবার ধুরন্ধর ২-এর ওয়ে ওয়ে গানটি নিয়ে আইনি বিপাকে নির্মাতারা। খবর, আদিত্য ধরের প্রযোজনা সংস্থা বিসিক্সটিটু স্টুডিওর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ত্রিমূর্তি ফিল্মস। তাঁদের অভিযোগ, অনুমতি ছাড়াই ওয়ে ওয়ে গানটি, ধুরন্ধর দ্য রিভেঞ্জ ছবিতে ব্যবহার করা হয়েছে। আর সেই মর্মেই দেড় হাজার কোটির গণ্ডি পেরনো সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা।








