ফের মা হতে চলেছেন নাটালি

0
73
ছবি সৌজন্যে : এক্স

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান আবারও মা হতে চলেছেন। ৪৪ বছর বয়সী তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে তার তৃতীয় সন্তান আগমনের খবরটি নিশ্চিত করেছেন।

বর্তমান সঙ্গী তাঙ্গি ডেস্টাবলের সঙ্গে এটিই তার প্রথম সন্তান। এক সাক্ষাৎকারে পোর্টম্যান বলেছেন, তিনি এবং তাঙ্গি দুজনেই অত্যন্ত আনন্দিত এবং এই নতুন অতিথির জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ।ব্যক্তিগত জীবনে নাটালি পোর্টম্যানের বাবা একজন ফার্টিলিটি বিশেষজ্ঞ বা প্রজননবিদ।সেই সূত্রে মা হওয়ার যাত্রা যে সবার জন্য সহজ হয় না,সে বিষয়ে তিনি সচেতন। এই গর্ভধারণকে একটি অলৌকিক ঘটনা ও বিশেষ প্রাপ্তি হিসেবে অভিহিত করে অভিনেত্রী জানিয়েছেন, তিনি প্রতিটি মুহূর্ত অত্যন্ত ইতিবাচকভাবে উপভোগ করছেন। প্রাক্তন স্বামী বেঞ্জামিন মিলপিয়েডের সঙ্গে নাটালির আরও দুটি সন্তান রয়েছে। তবে এবারের অভিজ্ঞতা কিছুটা ভিন্ন জানিয়ে তিনি বলেছেন, এই বয়সেও তিনি প্রত্যাশার চেয়ে বেশি কর্মশক্তি অনুভব করছেন এবং একধরনের মানসিক প্রশান্তি ও স্পষ্টতা তার ভেতরে কাজ করছে। সম্প্রতি প্যারিসের রাস্তায় পোর্টম্যানকে তার বেবি বাম্পসহ দেখা যাওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, যা অবশেষে তিনি নিজেই নিশ্চিত করলেন। উল্লেখ্য,চল্লিশোর্ধ্ব বয়সে মা হওয়ার ক্ষেত্রে সমাজে যে ধরনের নেতিবাচক ধারণা বা দ্বিধা কাজ করে,নাটালি পোর্টম্যানের এই খবর তা ভাঙতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

হলিউডের অনেক তারকাও এর আগে চল্লিশের কোঠায় সন্তান গ্রহণ করে প্রমাণ করেছেন যে, জীবনের এই পর্যায়েও সুস্থ ও সুন্দরভাবে মাতৃত্ব উপভোগ করা সম্ভব।সব মিলিয়ে অভিনেত্রী নাটালি পোর্টম্যান এখন তার জীবনের এই নতুন অধ্যায় শুরু করার অপেক্ষায় দিন গুনছেন।