
টানা ছুটির পরে ফের ধাক্কা ব্যাঙ্কিং পরিষেবায়। আগে থেকেই ২৭ জানুয়ারি, মঙ্গলবার সারা ভারতে ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছিল ব্যাঙ্ক কর্মীদের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন।
সেই কারণেই মঙ্গলবার সকাল থেকেই অধিকাংশ জায়গায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শাখায় কাজ বন্ধ রয়েছে বা কাজে সমস্যা হচ্ছে বলে জানানো হচ্ছে। একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, ধর্মঘটের কারণে ব্যাঙ্কের শাখায় পরিষেবা দিতে সমস্যা হবে। যদিও ডিজিটাল বা অনলাইন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।
বেশ কিছু ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এটিএম পরিষেবাতেও সমস্যা হবে না। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ধর্মঘটের কারণে প্রভাব পড়লেও, বেসরকারি ব্যাঙ্কগুলির শাখায় ধর্মঘটের তেমন কোনও প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে।
