
আর জি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকারের অনড় মনোভাবের বিরোধীতা করে এবার দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে রেসিডেন্ট এবং জুনিয়র চিকিৎসকদের জয়েন্ট অ্যাকশন ফোরাম।
ভুবনেশ্বর এবং বেঙ্গালুরু থেকে ভিডিও বিবৃতি জারি করে প্রশাসনের নিষ্পৃহতা নিয়ে সরব হয়েছে জুনিয়র চিকিৎসকদের এই সংগঠন। ভিডিও বিবৃতিতে তারা জানিয়েছে, পশ্চিমবঙ্গে যে জুনিয়র চিকিৎসক এবং আবাসিক চিকিৎসকরা আন্দোলন করছেন, তাদের কারও বিরুদ্ধে যদি কোনও পদক্ষেপ করা হয়, তাহলে তারা দেশব্যাপী আন্দোলনে নামবে। সেটা হরতাল হতে পারে, কর্মবিরতি হতে পারে, নির্দিষ্ট কোনও কর্মসূচি তারা ঘোষণা করেনি।প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে হতাশ অল ইন্ডিয়া রেসিডেন্ট জুনিয়র ডক্টর্স জয়েন্ট অ্যাকশন ফোরাম। যেভাবে মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছেন, কিন্তু চিকিৎসকদের দাবি মেনে সেই বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে অস্বীকার করেছে সরকার, এই প্রতিটি বিষয়েই তীব্র সমালোচনা করেছে জয়েন্ট অ্যাকশন ফোরাম। সংগঠনের সদস্য প্রজ্ঞা অনির্বাণ বলেছেন, পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন বর্তমানে সারা ভারতব্যাপী বিচারের দাবিতে পরিণত হয়েছে।









