ইউক্রেনের পাশে নেটো, ৭ লক্ষ কোটির সামরিক সাহায্য

0
24
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

হোয়াইট হাউসে ১৪ মাস আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে তাঁর উত্তপ্ত বৈঠকের পর থেকেই কিভকে দেওয়া সামরিক সাহায্যে কাটছাঁট করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পশ্চিম ইউরোপে সক্রিয় আমেরিকার সামরিক জোট নেটো এখনও অটল ভাবে কিভের পাশে রয়েছে।

নেটোর আসন্ন শীর্ষবৈঠকের প্রস্তাবিত যৌথ ঘোষণাপত্রর খসড়ায় রাশিয়ায় বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে ৭০০০ কোটি ইউরো অর্থাৎ প্রায় ৭ লক্ষ ৬২ হাজার কোটি টাকা সামরিক সহায়তায় প্রস্তাব রয়েছে।আগামী ৭ এবং ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত হবে নেটো শীর্ষবৈঠক। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও হাজির থাকার কথা।

ওই বৈঠকেই নেটো সনদের পাঁচ নম্বর অনুচ্ছেদের সমষ্টিগত প্রতিরক্ষা’র প্রতিশ্রুতি মেনে ইউক্রেনকে বিপুল সহায়তার প্রস্তাব অনুমোদিত হবে বলে খবর। মূলত নেটোর পশ্চিম ইউরোপীয় সদস্যরাষ্ট্রগুলির উদ্যোগেই এই পদক্ষেপ বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। ওই দেশগুলি গত সাড়ে চার বছর ধরে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে ইউক্রেনকে সামরিক সাহায্য করে এসেছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হাত গুটিয়ে নেওয়ার কথা ঘোষণার পর সেই সহায়তায় আরও গতি আনতে চাইছে তারা।