
তিলজলায় বৃহস্পতিবারও বেআইনি বাড়ি ভাঙার কাজ চলছে। বৃহস্পতিবার বিকালে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ঘটনাস্থলে পৌঁছতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়।
মহিলারা নওশাদকে ঘিরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ভূমিকায় সরব হন। যদিও, পুলিশ পরিস্থিতি সামাল দিচ্ছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। বৃহস্পতিবার সকালে বুলডোজার, ড্রিলিং মেশিন এবং আর্থ মুভার নিয়ে ভাঙার কাজ শুরু হয়। দ্বিতীয় দিনের এই অভিযানের সময় গোটা এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়। কারণ প্রশাসন আগেই আশঙ্কা করেছিল, এই ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াতে পারে। এর মধ্যেই বিকেলে ঘটনাস্থলে পৌঁছন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। তিনি ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি দেখতে যান এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তাঁর পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় তৃণমূল সমর্থক এবং কয়েকজন মহিলা বাসিন্দা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ ওঠে, রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে।








