
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সর্বসম্মতভাবে হরিয়ানায় বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। দলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার শপথ নিয়ে মুখ্যমন্ত্রিত্বে দ্বিতীয় ইনিংস শুরু করবেন তিনি।
পঞ্চকুলায় বিজেপির নবনির্বাচিত পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন অমিত শাহ এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরও। ওই বৈঠকেই সর্বসম্মতভাবে বিজেপির বিধায়ক দলের নেতা নির্বাচিত হয়েছেন নয়াব সিং সাইনি। এবারের ভোটে ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ৪৮টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। টানা এক দশক ক্ষমতায় থাকার পরেও প্রতিষ্ঠান বিরোধী হাওয়া অতিক্রম করে হরিয়ানায় জয়ের হ্যাটট্রিকের নতুন নজির গড়েছে বিজেপি।
প্রধান প্রতিপক্ষ কংগ্রেস জিতেছে ৩৭টিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল দু’টি এবং নির্দল প্রার্থীরা তিনটি আসনে জিতেছেন।
