
বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। খুলনা মহানগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একদল দুর্বৃত্ত তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার মাথায় লাগে।
তিনি খুলনা বিভাগীয় জাতীয় শ্রম শক্তির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক। আশঙ্কাজনক অবস্থায় মোতালেব শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঠিক ধারণা নেই।ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এখন যদি কোথায় আছে জানতেন, ধরেই ফেলতেন। যদি ওইরকম খবর থাকতো ধরেই ফেলতেন।তাঁর দাবি হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা যে ফয়সাল, সেটা নিশ্চিত করা হয়েছে।অন্যদিকে,ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।
দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।এর আগে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে অতি দ্রুত একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।
