
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় পছন্দমতো পদ না পেলে অন্য সিদ্ধান্ত নেবেন তাঁরা। এভাবেই এনডিএ ছাড়ার ইঙ্গিত দিয়েছে এনসিপির অজিত পাওয়ার শিবির।
দলের অন্যতম প্রধান নেতা প্রফুল প্যাটেল বলেছেন, তাদের জানানো হয়েছিল যে এনসিপি-কে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদ দেওয়া হবে।তিনি আগে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, তাই এটি দলের রাজনৈতিক জীবনে অবনতির সামিল। তাঁরা বিজেপি নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন। এবং বিজেপি কয়েকদিন অপেক্ষা করতে বলেছে, তারপর বিষয়টি ভেবে দেখবে বলে জানিয়েছে। তাঁরা আপাতত কিছুদিন অপেক্ষা করছেন।নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় পদ নিয়ে প্রফুল প্যাটেলের এহেন বার্তায় স্বাভাবিকভাবেই মারাঠা রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। এদিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, এনসিপি সাংসদকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীপদের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা নিতে রাজি হননি। যখন একটি জোট সরকার গঠিত হয়, তখন সেখানে কিছু মানদণ্ড নির্ধারণ করা প্রয়োজন। কারণ সেখানে অনেকে থাকে। এক পক্ষের সব দাবি মেনে নেওয়া কঠিন। পরবর্তী সময়ে মন্ত্রিসভার সম্প্রসারণে অবশ্যই মাথায় রাখা হবে প্রফুল প্যাটেলের কথা।
