
চার দশক পর ধ্বনিভোটের মাধ্যমে লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন এনডিএ-র প্রার্থী ওম বিড়লা। এই নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হয়েছেন তিনি।
ওম বিড়লার বিরুদ্ধে স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ইন্ডিয়া। বুধবার ছিল সেই ভোটাভুটি। ১১টা নাগাদ সেই ভোটাভুটি শুরু হয়। ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান রাজস্থানের সাংসদ ওম বিড়লা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, অমৃতকালে দ্বিতীয়বার এই দায়িত্বভার পেয়েছেন ওম বিড়লা। অভিজ্ঞতার সাহায্যে ওম বিড়লা আগামী পাঁচ বছর সকলকে পথ দেখাবেন। তাঁর মুখের ওই মিষ্টি মিষ্টি হাসি গোটা সংসদেরই মন ভাল রাখে। তবে একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, স্পিকার পদ সংসদীয় গণতন্ত্রের এক অতি গুরুত্বপূর্ণ পদ। উল্লেখ্য, ১৯৭৬ সালের পরে ফের একবার লোকসভায় স্পিকার নির্বাচন হয়েছে। সংসদে প্রথা মেনে সর্বসম্মতিক্রমে শাসকগোষ্ঠীর মনোনীত প্রার্থীকেই স্পিকার বেছে নেওয়া হয়েছে বিগত ৪৮ বছর। তবে ফের একবার লোকসভার স্পিকার নির্বাচনে বেনজির ঘটনার সাক্ষী থেকেছে দেশ।
