
মঙ্গলবার সংসদে মঙ্গল মিলন কর্মসূচিতে শাসক শিবির এনডিএ-তে গ্র্যান্ড ওয়েলকাম জানানো হয়েছে তৃণমূলত্যাগী সাংসদদের। অর্থাৎ মিশে যাওয়া নয়, এনডিএ-র শরিক হল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। এনডিএ-র বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে একই সারিতে বসেছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
দ্বিতীয় সারিতে দেখা গিয়েছে বাকি সাংসদদের। সাংসদদের নাম ধরে ধরে পরিচয়পর্ব সারা হয়েছে। তারপর সকলের সঙ্গে আলাদা করে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি। আর তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে, বিজেপিতে মিশে যাওয়া নয়, এনডিএ-র শরিক হিসেবেই আপাতত থাকছে এনসিপিআই। বৈঠক সেরে বেরিয়ে জুন মালিয়া, শতাব্দী রায়, শর্মিলা সরকারদের সকলেরই এক বক্তব্য, এই বৈঠক অত্যন্ত সুশৃঙ্খল, আগে এই অভিজ্ঞতা ছিল না। উল্লেখ্য, ছাব্বিশের ভোটে তৃণমূলের ভরাডুবির পর একে একে ২০ জন সাংসদ দল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন।
আর বিরোধী নন, তাঁরা এনডিএ-কে সমর্থন করার জন্য দলবদল করেছেন। সংসদের বাদল অধিবেশনে লোকসভায় তাঁদের জন্য আলাদা আসন দিয়েছেন স্পিকার ওম বিড়লা। তবে, সরাসরিতে এনডিএ-তে এই সাংসদদের যোগ দেওয়ার প্রক্রিয়া এতদিন হয়নি। এদিকে সোমবার পর্যন্ত জল্পনা ছিল, তাঁদের পরিচয় কী হবে, আলোচনার জন্য বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ২০ সাংসদের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু রাতে তা বাতিল হয়ে যায়। আর মঙ্গলবার সংসদে মঙ্গল মিলন নামে এনডিএ-র বৈঠকে সবটা স্পষ্ট হয়েছে। এনডিএ-র নতুন শরিক বলে পরিচয় হল, এনসিপিআই সাংসদদের।
