
ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার,নিট-ইউজি পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এনটিএ। আগামী ২১ জুন পুনরায় এই পরীক্ষা হবে। দেশ জুড়ে ২২ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী ওই পরীক্ষায় বসবেন। এক্স হ্যান্ডলে পরীক্ষার দিন ঘোষণা করেছে এনটিএ।
সেখানে জানানো হয়েছে, কেন্দ্রের সম্মতি নিয়েই ২১ জুন পরীক্ষার দিন স্থির হয়েছে। উল্লেখ্য নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় দেশ জুড়ে হুলস্থুল চলছে। ৩ মে নিটের পরীক্ষা হয়েছিল। কিন্তু তার কয়েক দিন পরেই জানা যায়, প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে। তার পরই নিটের গোটা পরীক্ষাই বাতিল করে দিয়েছিল এনটিএ। এক্স হ্যান্ডলে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিএ, সেখানে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে, তাঁরা যেন কোনও তথ্য এবং পরীক্ষার জন্য এনটিএ-র নিজস্ব ওয়েবসাইটগুলি অনুসরণ করেন। এদিকে পরীক্ষা বাতিল হতেই জায়গায় জায়গায় প্রতিবাদ-বিক্ষোভে নামেন পরীক্ষার্থীরা।
অভিভাবকেরাও বিক্ষোভ দেখান। পরীক্ষা বাতিলের পর এনটিএ ঘোষণা করে, ৭-১০ দিনের মধ্যে ফের পরীক্ষার দিন ঘোষণা করা হতে পারে। অন্যদিকে, নিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু করেছে। পাঁচ জনকে গ্রেফতারও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তাঁদের মধ্যে রাজস্থান থেকে তিন জন, মহারাষ্ট্র এবং হরিয়ানা থেকে এক জন করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, রাজস্থানের সীকর থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। রাজস্থান থেকে হরিয়ানা হয়ে মহারাষ্ট্রের নাসিকে পৌঁছোয় প্রশ্ন। তার পর সেখান থেকে বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়ে।







