
প্রশ্নপত্র ফাঁস দুর্নীতির এপি সেন্টার হল উত্তরপ্রদেশ। আর ল্যাবরেটরি গুজরাট এবং মধ্যপ্রদেশ। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
নিট এবং ইউজিসি-নেট পরীক্ষা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এরমধ্যে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, দেশে চাকরির সুযোগ এমনিতেই কমিয়ে দেওয়া হয়েছে। এবার পড়াশোনার সুযোগও কমানো হচ্ছে। প্রশ্নফাঁসের তদন্ত হওয়া উচিত এবং দোষীদের কড়া শাস্তি হওয়া উচিত। মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ আগে প্রশ্নপত্র ফাঁস দুর্নীতির ভরকেন্দ্র ছিল, এখন গুজরাট এবং মধ্যপ্রদেশ দুর্নীতির ল্যাবরেটরি। আমলা থেকে গোয়েন্দা-সবেতেই নিজেদের লোক ঢোকাচ্ছে বিজেপি। রাহুল গান্ধী আরও বলেছেন, মানুষের মনে ভয় সঞ্চার করে, মানুষের মুখবন্ধ করে রেখে সরকার চালাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এখন ভয় কেটে গিয়েছে মানুষের। তাই বারাণসীতে প্রধানমন্ত্রীর গাড়িতে জুতো ছোড়া হচ্ছে। এই মুহূর্তে অটলবিহারী বাজপেয়ী বা মনমোহন সিং থাকলে সামলে নিতে পারতেন। কারণ তাঁরা বিনয়, সম্মান, সমাধানের পক্ষে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সেসব কিছু নেই। মনে হয় তিনি একাই ঠিক। তাই শুধু কংগ্রেস নয়, এখন দেশের কেউই তাঁকে ভয় পান না।
