নিট পড়ুয়ার মৃত্যু মহারাষ্ট্রে, মিলল চিঠিও

0
27
ছবি সৌজন্যে : সংগৃহীত
প্রথম বার পরীক্ষা ভাল হয়েছিল। কিন্তু প্রশ্নফাঁসের কারণে তা বাতিল হয়ে যায়। দ্বিতীয় বার ফের পরীক্ষায় বসেছিলেন তরুণী। তবে, মাত্র ১০ নম্বরের জন্য ডাক্তারি পড়ার স্বপ্ন অধরা থেকে যাওয়ায় মহারাষ্ট্র আত্মঘাতী হয়েছেন নিট পরীক্ষার্থী।
বাড়িতে বাবা-মায়ের জন্য লিখে রেখে গেলেন চিঠিও। মহারাষ্ট্রের অহল্যানগরের জালালপুর গ্রামের বাসিন্দা তরুণী ডাক্তারি পড়তে চেয়েছিলেন। ৩ মে নিট পরীক্ষায় বসেন। বাড়ি ফিরে জানিয়েছিলেন, পরীক্ষা ভাল হয়েছে।
কিন্তু পরে প্রশ্নফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসার পর পরীক্ষা বাতিল হয়ে যায়। তখনই মন খারাপ হয়ে গিয়েছিল ১৯ বছরের ওই ছাত্রীর। ২১ জুন ফের নিট পরীক্ষায় বসেছিলেন তিনি। পরিবারের দাবি, ৩০০-র বেশি নম্বর পাবেন আশা করেছিলেন। কিন্তু পরীক্ষার ফলপ্রকাশের পর দেখা যায়, পেয়েছেন মাত্র ১৬৬। নিটে সাফল্যের জন্য ওই তরুণীর প্রয়োজন ছিল ১৭৭ নম্বর। এর পরেই মানসিক ভাবে পুরোপুরি ভেঙে পড়েন তিনি।