
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরেই নিট-ইউজি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করেছে পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
পদার্থবিদ্যায় একটি প্রশ্নের উত্তর ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। ওই প্রশ্নে দু’টি উত্তরই সঠিক ছিল। দুই নম্বর বিকল্প ও চার নম্বর বিকল্প, উভয়ই সঠিক হওয়ায় উভয় উত্তরেই নম্বর দেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার শীর্ষ আদালত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট দেখে জানিয়ে দিয়েছে, ওই প্রশ্নে একটি উত্তরই সঠিক। চার নম্বর বিকল্পের উত্তরটিকে সঠিক বলে বিবেচনা করা উচিত বলে পর্যবেক্ষণে জানিয়েছিল শীর্ষ আদালত। সেই মতো বৃহস্পতিবার সংশোধিত ফল ও মেধাতালিকা প্রকাশ করেছে এনটিএ। জানা গিয়েছে, আইআইটি দিল্লির তিন সদস্যের প্যানেলের তৈরি উত্তরপত্রের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয়েছে। কারও যদি কোনও প্রশ্ন নিয়ে সংশয় থাকে এই প্যানেল যে উত্তরপত্র ঠিক করে দিয়েছে সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধার্য করা হবে। এদিন নতুন করে ফল প্রকাশের পরই এমবিবিএস ও বিডিএস-এ কাউন্সেলিংয়ের তোরজোর শুরু করেছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি। খুব শীঘ্রই এর জন্য রেজিস্ট্রেশন শুরু হবে। রেজিস্ট্রেশনের সময় পড়ুয়ারা পছন্দের কোর্স ও কলেজ সিলেক্ট করতে পারবেন।
