
প্রশ্নফাঁস বিতর্কের মধ্যে এবার নিট-পিজি পরীক্ষা স্থগিতের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়ে দিয়েছেন, রবিবার নিট-পিজি পরীক্ষা নেওয়া হবে না।
কবে এই পরীক্ষা নেওয়া হবে তা এখনও জানানো হয়নি।স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিয়ে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসছে। সেই কথা মাথায় রেখেই এনটিএ যাতে অবাধ, স্বচ্ছ ভাবে পরীক্ষা নিতে পারে, তার পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করার প্রয়োজন। সেই কারণেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। এখন পর্যন্ত দেশে ১৯ জন গ্রেফতার হয়েছেন। সেই ঘটনার আবহেই শনিবার এনটিএর ডিরেক্টর জেনারেল সুবোধ কুমারকে সরিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার।এদিকে, শনিবারই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। এনটিএ যাতে অবাধ, স্বচ্ছ ভাবে পরীক্ষা নিতে পারে সেটাই খতিয়ে দেখবে ওই কমিটি।
