
দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই স্বীকার করেছিলেন যে পাকিস্তানের সঙ্গে করা সিন্ধু জলচুক্তি ভারতের কোনও উপকারে আসেনি। মঙ্গলবার এনডিএ সংসদীয় বৈঠকে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী মোদীর অভিযোগ, নেহরু দু’বার দেশকে বিভক্ত করেছিলেন- প্রথমবার র্যাডক্লিফ লাইনে, আর পরে এই জলচুক্তির মাধ্যমে। তাঁর কথায়, সিন্ধু চুক্তিতে ৮০ শতাংশ জল পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়েছিল। এটা ছিল কৃষকবিরোধী সিদ্ধান্ত। পরে নিজের সচিবের মাধ্যমে নেহরু স্বীকারও করেছিলেন যে চুক্তির থেকে ভারতের কোনও লাভ হয়নি। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে অভিযোগ করেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী নেহরু শুধু চুক্তিই করেননি, পাকিস্তানকে ৮০ কোটি টাকা পর্যন্ত দিয়েও দিযেছিলেন। ১৯৬০ সালে নয় বছরের আলোচনার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সিন্ধু জলচুক্তি হয়।
যেখানে বিশ্বব্যাঙ্কও স্বাক্ষরকারী ছিল। ওই চুক্তি অনুযায়ী পশ্চিমের তিন নদী- সিন্ধু, ঝিলম ও চেনাব পাকিস্তানের জন্য বরাদ্দ হয়, আর ভারতের জন্য আসে রবি, বিপাশা ও শতদ্রু।
