
প্রতিবেশী যুবককে পিটিয়ে খুনের অভিযোগে ২ জনকে পাকড়াও করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহেশতলার গোপালপুর মালিপাড়ায়।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবক বছর ৩৫-র বরুণ মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, নেশাগ্রস্ত দুই যুবকের মধ্যে বচসা শুরু হয়। বচসা এতটাই চরমে পৌঁছায় যে বরুণ মণ্ডল ও চিরঞ্জিত মিত্র-র মধ্যে হাতাহাতি শুরু হয়। স্থানীয়দের অভিযোগ এরপর চিরঞ্জিত মিত্র তার ভাই শুভঙ্কর মিত্র’কে ডাকে এবং দুই ভাই মিলে বরুণকে মারধর করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বরুণ মণ্ডল। স্থানীয়রা এলাকার রাস্তায় বরুন মণ্ডলকেকে পড়ে থাকতে দেখে। এরপরই বরুন মণ্ডলের পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং খবর দেওয়া হয় জিনজিরা বাজার তদন্ত কেন্দ্রে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বরুণকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। বরুণের মৃত্যুর খবর এলাকায় আসার পরেই সৃষ্টি হয় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ ও রাফ। অভিযুক্তের শাস্তির দাবি জানায় এলাকার স্থানীয়রা।
তবে ইতিমধ্যে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই অভিযুক্ত দুই ভাই অর্থাৎ চিরঞ্জিত মিত্র এবং শুভঙ্কর মিত্র’কে আটক করা হয়েছে ।
