
অশান্ত নেপালে একাধিক বন্দি জেল ভেঙে পালিয়েছে। ইতিমধ্যেই বিহার, উত্তরপ্রদেশ নেপাল সীমান্তে আটক করা হয়েছে এমনই তিরিশ জন বন্দি-কে। প্রত্যেকেই ভারতে ঢোকার চেষ্টা করছিল। যদিও সীমান্ত সুরক্ষা বাহিনী তা রুখে দিয়েছে।
আর এই গোটা ঘটনার দিকে নজর রেখেছে ভারতও। জানা গিয়েছে, নেপাল থেকে প্রায় ৭০০ বন্দি জেল ভেঙে পালিয়েছে। এদের মধ্যে জেল থেকে ৫৮৫ জন এবং সংশোধনাগার থেকে ৭৬ জন কয়েদির পালানোর কথা জানা গিয়েছে।নাবালকদের সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করায় সেনার গুলিতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এই সমস্ত কয়েদীয়দের মধ্যে রয়েছে কুখ্যাত কুখ্যাত সমস্ত দুষ্কৃতী থেকে শুরু করে আন্তর্জাতিক মাদক পাচাকারীরারাও। যারফলে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে। এদিকে, এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের উত্তরের পানিট্যাঙ্কি সীমান্তেও কড়া নজরদারি শুরু হয়েছে। শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়িতে মেচি নদীর ও পারে নেপাল। এ পারে ভারত। এলাকায় কোনও কাঁটাতার নেই। মুক্ত সীমান্ত হওয়ায় অনুপ্রবেশের আশঙ্কা করছে এসএসবি।
তা রুখতেই মেচি নদীর একপ্রান্ত ঘিরে ফেলেছেন জওয়ানেরা। সতর্ক রাজ্য প্রশাসনও। সীমান্ত এলাকার থানাগুলিকে পানিট্যাঙ্কি সীমান্তের উপর কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা বিভাগের নজরদারিও। পুলিশ সূত্রে খবর, কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে, তাঁকে দ্রুত গ্রেফতার করতে হবে।








