ওড়িশা বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী নেপালি ছাত্রী, বিক্ষোভ 

0
144
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভুবনেশ্বের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি-র হস্টেলে এক নেপালি ছাত্রীর আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তার পরেই বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন নেপালি ছাত্র-ছাত্রীরা।
বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে সম্পর্ক ছিল মৃতার। প্রেমিক-এর সঙ্গে সমস্যার কারণে আত্মহত্যা করেছেন তিনি। বিক্ষোভকারী নেপালি ছাত্র-ছাত্রীদের দাবি, আচমকাই তাঁদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চলে যেতে বলেছেন কর্তৃপক্ষ। ওই ছাত্রীর আত্মহত্যার বিষয়টিও ধামাচাপা দেওয়া হচ্ছে। তাঁদের সন্দেহ, এই দুইয়ের মধ্যে যোগ থাকতে পারে। এই মৃত্যু নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন তাঁরা। রবিবার হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় তৃতীয় বর্ষের ছাত্রীর দেহ। তাঁর বন্ধুরা দাবি করেছেন, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র অদ্বিক শ্রীবাস্তবের সঙ্গে সম্পর্ক ছিল তরুণীর। ওই যুবক তাঁকে হেনস্থা করতেন। সে কারণে ছাত্রীটি চরম পদক্ষেপ করেছেন।
পুলিশ অদ্বিককে আটক করে হেফাজতে নিয়েছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।