
পশ্চিমবঙ্গের পর এবার বিহারে ইউজিসি নেটের প্রশ্নফাঁসের তদন্তে গিয়ে সিবিআই আধিকারিকদের মারধরের অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। এই ঘটনায় শোরগোল শুরু হয়েছে।
উচ্চশিক্ষা এবং গবেষণার প্রবেশিকা পরীক্ষা নেট দুর্নীতি মামলার তদন্তে নেমে এক মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে বিহারের নওয়াদা জেলার রজৌলিতে উপস্থিত হন তদন্তকারী আধিকারিকরা। সেখানে কাসিয়াড়ি গ্রামে আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করলে তাদের উপর হামলা চালায় গ্রামবাসীরা। অভিযোগ, প্রায় ২০০ জন গ্রামবাসী ঘিরে ধরেন সিবিআই আধিকারিকদের। ব্যাপক মারধর করা হয় সিবিআই আধিকারিকদের। ভাঙচুর চালানো হয় এজেন্সির বাড়িতে। বেগতিক বুঝে স্থানীয় রাজৌলি থানাকে খবর দেওয়া হয় সিবিআইয়ের তরফে। সেখান থেকে বিশাল পুলিশবাহিনী এসে শান্ত করে গ্রামবাসীদের। তবে এত কিছুর পরও মোবাইল লোকেশনের সূত্র ধরে ২ টি মোবাইল বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। নিটের প্রশ্নফাঁসে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ অভিযুক্তকে। পাশাপাশি সিবিআই আধিকারিকদের উপর হামলার ঘটনায় এক মহিলা-সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।অন্যদিকে, নিট-এ প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের ঘটনায় প্রথম এফআইআর দায়ের করেছে সিবিআই। রবিবার এই বিষয়ে এফআইআর দায়ের করে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, নিট কেলেঙ্কারিতে বৃহত্তর ষড়যন্ত্রের দিকটি খতিয়ে দেখতে বিহার এবং গুজরাটে যাবেন তদন্তকারীরা।
