
তিনি আর পড়তে চান না। বাবা-মায়ের উদ্দেশে চিঠি লিখে নিখোঁজ হয়ে গিয়েছেন রাজস্থানের কোটার এক নিট পড়ুয়া।
মোবাইলে পুত্রের মেসেজ পেয়েই দিশাহারা বাবা-মা। একটি নিখোঁজ ডায়েরিও করেছেন তাঁরা।পুলিশ জানিয়েছে, ওই নিট পড়ুয়ার নাম রাজেন্দ্র মীনা। তিনি গঙ্গারামপুরে বামনবাসের বাসিন্দা। নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ৬ মে থেকে রাজেন্দ্র মীনা নিখোঁজ। গঙ্গারামপুরের বাসিন্দা হলেও পড়াশোনার জন্য কোটাতে পেয়িং গেস্ট হিসাবে থাকতেন তিনি। সেখান থেকেই তিনি নিখোঁজ হয়ে যান বলে জানিয়েছেন রাজেন্দ্র মীনার পরিবার।রাজেন্দ্র মীনার বাবা জগদীশ মীনা জানিয়েছেন, মোবাইলে একটি এসএমএস পাঠান তাদের পুত্র। সেই মেসেজে লেখা ছিল, বাড়ি ছেড়ে চললাম। আর পড়াশোনা করতে চান না। তাঁর কাছে ৮ হাজার টাকা আছে। মোবাইলটি বিক্রি করে দেবেন। যোগাযোগ করার চেষ্টা না করতে।এই মেসেজ পাওয়ার পরই কোটায় পুলিশের কাছে গিয়ে নিখোঁজ ডায়েরি করেছেন রাজেন্দ্র মীনার বাবা। কোটায় নিট পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। তার সঙ্গে কয়েক জন পড়ুয়া নিখোঁজ হওয়ার মতো ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে রাজেন্দ্র মীনার উধাও হয়ে যাওয়ার ঘটনা শোরগোল ফেলে দিয়েছে।








