
নিট প্রশ্নফাঁস ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল লোকসভা। শুক্রবার সকালে বিরোধীরা এই ইস্যুতে আলোচনার দাবিতে সরব হতেই দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন স্পিকার ওম বিড়লা।
পরে অধিবেশন শুরু হলে ফের বিক্ষোভ দেখান বিরোধীরা। বাধ্য হয়ে সোমবার পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। এদিন নিট ইস্যুতে বিরোধী জোটের তরফে একাধিক সাংসদ সংসদের দুই কক্ষেই নিট নিয়ে মুলতবি প্রস্তাব আনেন।কিন্তু স্পিকার ওম বিড়লা জানিয়ে দেন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনার আগে মুলতবি প্রস্তাব গ্রহণ করা যাবে না। বস্তুত নিট নিয়ে আলোচনার দাবিও খারিজ করে দেন তিনি। স্পিকারের বক্তব্য, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা চলাকালীনও নিট ইস্যুতে নিজেদের বক্তব্য জানাতে পারেন বিরোধীরা। তবে বিরোধী শিবির শুধুমাত্র নিট ইস্যুতে আলোচনার দাবিতে অনড় ছিল। বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পিকার ওম বিড়লার কাছে আর্জি জানান, নিট ইস্যুতে আলোচনার অনুমতি দেওয়া হোক। এটা যুব সমাজের ইস্যু।এই বিষয় নিয়ে আমাদের শান্তভাবে আলোচনা করা প্রয়োজন। শাসক ও বিরোধী সাংসদদের একযোগে দেশের পড়ুয়াদের উদ্দেশে বার্তা দেওয়া উচিত। তাতেও স্পিকার মুলতবি প্রস্তাব গ্রহণ করেননি। যার জেরে বিক্ষোভ দেখিয়েছে ইন্ডিয়া জোটের সাংসদরা।








