
যথাযথ মর্যাদায় বৃহস্পতিবার রাজ্য জুড়ে পালন করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
তিনি লিখেছেন, ‘দেশপ্রেম, সাহসিকতা এবং রাষ্ট্রনেতৃত্বের প্রতীক এই মহান ব্যক্তির চিরন্তন আলোকধারা আমাদের জাতিকেঅগ্রগতির পথে পরিচালিত করুক।’১২৯ তম জন্মদিবসে নেতাজির পৈতৃক ভিটে সোনারপুরের কোদালিয়া গ্রামে শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয় সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। জাতীয় পতাকা উত্তোলনের পর তাঁর প্রতিকৃতিতে ফুলে মালায় শ্রদ্ধা জানান স্থানীয়রা। এদিন নেতাজির শয়নকক্ষ, তাঁর ব্যবহৃত আসবাবপত্র ঘুরে দেখেন অনেকে। হুগলির চুঁচুড়াতে এদিন সুসজ্জিত ট্যাবলো সহ পদযাত্রা করা হয়।
পদযাত্রায় পা মেলান স্থানীয় বিধায়ক অসিত মজুমদার, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং পড়ুয়ারা। পদযাত্রা শেষে বিধায়ক বলেন, নেতাজির আদর্শকে স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেওয়াই তাঁর মূল উদ্দেশ্য।
