
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমেরিকায় যাওয়ার পথে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেওয়ায় ইতালি, ফ্রান্স ও গ্রিস সরকারের কড়া ভাষায় সমালোচনা করেছেন রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত পালেস্তিনীয় অধিকৃত অঞ্চল বিষয়ক মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিবেদক। বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজের অভিযোগ, আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্ট থাকা সত্ত্বেও এসব দেশ আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করে নেতানিয়াহুকে নিরাপদ পথ দিয়েছে।
২০২৩ সালে হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ করার অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবুও নেতানিয়াহু যখন রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে বৈঠকে অংশ নিতে আমেরিকায় যান, তখন তার ফ্লাইট ওই দেশগুলোর আকাশসীমা অতিক্রম করে।
আলবানিজ এক্স -এ লিখেছেন, ইতালি, ফ্রান্স এবং গ্রিসের নাগরিকদের জানার অধিকার আছে যে, আন্তর্জাতিক আইনি শৃঙ্খলা লঙ্ঘন করে নেওয়া প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাদের সবাইকে দুর্বল ও ঝুঁকির মুখে ফেলে। মানবাধিকার আইনজীবী ক্রেইগ মোখিবার একদিন আগেই এক পোস্টে বলেছিলেন, এই দেশগুলো রোম সংবিধির আওতায় তাদের আইনগত বাধ্যবাধকতা ভেঙেছে। গণহত্যার শিকারদের প্রতি অবজ্ঞা দেখিয়েছে এবং আইনের শাসনের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করেছে।
