
ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকা নিয়ে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চেয়ে আসছেন, এবং এর পেছনে তার উদ্দেশ্য চিরকাল ক্ষমতায় টিকে থাকা। মার্কিন টেলিভিশন অনুষ্ঠান দ্য ডেইলি শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিনটন একথা বলেছেন।
এসময় নেতানিয়াহুকে এক হাত নিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট আরও বলেছেন, নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, কারণ তার ইচ্ছা তিনি আজীবনের জন্য ক্ষমতায় থাকতে পারবেন। এর মধ্যেই বর্তমান ইরান-ইসরায়েল উত্তেজনা প্রশমিত করতে ক্লিনটন জানিয়েছেন , তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করেছেন।তার ভাষায়, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছেন যেন এই সংঘর্ষ প্রশমিত করার চেষ্টা করেন এবং অসামরিক নাগরিকদের ওপর যে লাগাতার হত্যাকাণ্ড চলছে, সেটার অবসান ঘটান।তবে বিল ক্লিনটনের মতে, নেতানিয়াহু বা ট্রাম্প কেউই সরাসরি একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ চান না। তারপরও তারা এমন এক দুঃসাহসিক পথে হাঁটছেন, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।
এর মধ্যেই ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়ে দিচ্ছে বলে মুখ ফসকে বলেছেন রাষ্ট্রসংঘে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ডরোথি শে। তবে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে এ বক্তব্যের পরপরই তিনি তা সংশোধন করেছেন।ঘটনাটি রাষ্ট্রসংঘে মার্কিন কূটনীতির এক বিব্রতকর মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে, যদিও রাষ্ট্রদূত খুবই দ্রুত ভুল স্বীকার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন।






