
ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতির আবহেই এবার ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে যেতে পারেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে তিনি বৈঠক করবেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফলে জল্পনা শুরু হয়েছে, এই সাক্ষাতের পর ফের ইজরায়েলকে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে নতুন কোনও চুক্তি করতে পারে আমেরিকা। নাকি যুদ্ধবিরতির মাঝেই নতুন করে গাজায় লড়াই শুরু করতে পারে তেল আভিভ। সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী সোমবার আমেরিকার উদ্দেশে রওনা দেবেন বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার তিনি পা রাখবেন ওয়াশিংটনে। ফিরে আসবেন বৃহস্পতিবার। কিন্তু এই সফর নির্ভর করছে নেতানিয়াহুর স্বাস্থ্যের উপর। কারণ সদ্যই তিনি প্রস্টেট সার্জারি থেকে সেরে উঠেছেন। যদি এই সফর হয় তাহলে নেতানিয়াহুই হবেন প্রথম রাষ্ট্রনেতা যার সঙ্গে ক্ষমতায় ফেরার পর প্রথমবার সাক্ষাৎ করবেন ট্রাম্প।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইজরায়েল। এই লড়াইয়ে প্রথম থেকেই তেল আভিভের পাশে রয়েছে আমেরিকা।








